
|| গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের টঙ্গীতে যত্রতত্র ময়লা ফেলে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে এবং দ্রুত ডাম্পিং স্টেশন অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের খৈরতুল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টঙ্গী পশ্চিম থানার পাশেই গাজীপুরা ২৭ ব্যাংকপাড়া এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী ময়লার স্তূপের কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রায় এক লাখ বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডা. সজীব খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা স্বাধীন, তরিকুল ইসলাম, রাসেল ও ওলিসহ এলাকার সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গাজীপুরের বিভিন্ন এলাকায় ময়লা ব্যবসার নিয়ন্ত্রণ ও মালিকানায় পরিবর্তন এসেছে। বর্তমানে যারা এই ব্যবসা পরিচালনা করছেন, তারা অধিক মুনাফার আশায় জনস্বাস্থ্য ও পরিবেশের কথা তোয়াক্কা না করে খোদ চলাচলের রাস্তার পাশেই ময়লা ডাম্পিং করছেন। এতে পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়রা জানান, এই ডাম্পিং স্টেশনের ঠিক পাশেই একটি মাছ ও সবজির আড়ত অবস্থিত। ময়লার দুর্গন্ধে আড়তে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়কের পাশ থেকে এই ময়লার স্তূপ সরিয়ে পরিকল্পিত ও জনবসতিহীন স্থানে স্থানান্তর করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
