সোমবার, ফেব্রুয়ারি ১৬

আজ সন্ধ্যায় ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে এনসিপি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

২৪-এর জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করতে যাচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা ৬টায় এনসিপি’র একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও থাকছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জুলাই বিপ্লবের লক্ষ্য ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার সম্বলিত এই সনদে স্বাক্ষর করার মাধ্যমে তরুণ প্রজন্মের এই দলটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাত্রায় নিজেদের অবস্থান আরও সুসংহত করতে যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের ২৫টি রাজনৈতিক দলের নেতারা সম্মিলিতভাবে এই ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছিলেন। আজ এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের মূল কারিগর হিসেবে পরিচিত ছাত্রনেতৃত্বের দলটি আনুষ্ঠানিকভাবে এই জাতীয় ঐক্যমতের অংশ হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *