
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “এআই ফর বিজনেস এক্সিলেন্স” শীর্ষক একটি সেমিনার আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং -এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার এবং ইউআইইউ এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খোন্দকার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।

প্রধান অতিথি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন – বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি এআই ব্যবহারের মাধ্যমে দেশেকে এগিয়ে নিতে একাডেমিক এবং ইন্ডাস্ট্রি এক সাথে কাজ করার আহবান জানান।
বিশিষ্ট বক্তারা সেমিনারে এআই-চালিত প্রযুক্তিগুলি কীভাবে সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনা দক্ষতা, গ্রাহক সম্পৃক্ততা এবং শিল্প জুড়ে কৌশলগত পরিকল্পনাকে পুনর্গঠন করছে সেগুলো আলোকপাত করেন। ডেটা বিশ্লেষণ, অটোমেশন, মার্কেটিং ইন্টেলিজেন্স, সরবরাহ শৃঙ্খল অপ্টিমাইজেশন এবং আর্থিক পূর্বাভাসের মতো ক্ষেত্রে এআই-এর বাস্তব প্রয়োগগুলিও তুলে ধরেন। উদীয়মান এআই প্রবণতা, নীতিগত বিবেচনা, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য এআইকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তারা আলোচনায় চতুর্থ শিল্প বিপ্লবের সাথে টিকে করার জন্য শিক্ষা এবং কর্পোরেট সেক্টরে এআইকে একীভূত করার ক্ষেত্রে জোর দেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
