
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি আল আমান বাহেলা খাতুন মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চালা গ্যারেজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। র্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ, সাবেক জেলা সেক্রেটারি ও বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, জেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক এরশাদ আলী, উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সাবেক উপজেলা সভাপতি ফজলুল হক, জুনায়েদ আহমেদ সবুজ, সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সততা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলতে ছাত্রশিবির বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তারা একটি নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত একটি ছাত্রসংগঠন, যা শিক্ষার্থীদের নৈতিকতা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করে বলে সংগঠনটির নেতারা দাবি করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময় শিক্ষাবিষয়ক কর্মসূচি, সামাজিক সহায়তামূলক কার্যক্রম এবং সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করে যাচ্ছে বলে নেতৃবৃন্দ জানান।
