সোমবার, ফেব্রুয়ারি ২

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জে ইমাম সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) ||

আসন্ন গণভোটের প্রচার জোরদার এবং ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানিকগঞ্জে এক বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা একটি সফল ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোঃ মহসিন মৃধা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রের নীতিনির্ধারণে জনগণের মতামত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের ভূমিকা অত্যন্ত কার্যকরী হতে পারে। বিশেষ করে মসজিদের খুতবা ও বিভিন্ন ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য প্রদান এবং ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার জন্য ইমামদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকশ ইমাম, খতিব ও ধর্মীয় চিন্তাবিদ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সম্মেলনে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *