
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা ও নির্বাচনী জোটের রূপরেখা চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ১০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আজ রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, ১১ দলীয় জোটের লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হলেও আজকের এই গুরুত্বপূর্ণ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি। এতে করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি কি শেষ পর্যন্ত জোট থেকে সরে দাঁড়াচ্ছে? তবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিষয়টিকে সমন্বয়হীনতা হিসেবে দাবি করা হয়েছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ। এছাড়াও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী এবং জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা আলোচনায় অংশ নিয়েছেন।
বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা বৈঠকের বিষয়ে দেরিতে অবগত হয়েছেন, তাই প্রস্তুতি নিয়ে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। তবে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা এখনো চলমান আছে এবং জোট থেকে আলাদা হয়ে যাওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জামায়াতের সঙ্গে আসন বণ্টন নিয়ে ইসলামী আন্দোলনের টানাপোড়েনের খবর পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে ইসলামী আন্দোলনের নেতৃত্বে বিকল্প জোট গঠনের গুঞ্জনও রাজনৈতিক অঙ্গনে ডালপালা মেলেছে। তবে আজকের রাতের সংবাদ সম্মেলনের পরই পরিষ্কার হবে—আসন্ন নির্বাচনে ইসলামপন্থি ও সমমনা দলগুলো একক প্লাটফর্মে থাকছে নাকি নতুন কোনো মেরুকরণ ঘটবে।
