রবিবার, ফেব্রুয়ারি ১

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রধান উপদেষ্টার প্রেস উইং

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কালভার্টরোড এলাকায় দুই যুবক মোটরসাইকেলে এসে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। আহত হাদিকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করা হয়। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন হাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *