শুক্রবার, ফেব্রুয়ারি ২০

ভূরুঙ্গামারীতে প্রথম আগমনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ভূরুঙ্গামারী সফরে এসে সরাসরি উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা এবং করতালির মধ্য দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

পরিদর্শনকালে ডিসি অন্নপূর্ণা দেবনাথ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সামগ্রিক শিক্ষার মান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশুনার অগ্রগতি, স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে জানতে চান এবং পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার উৎসাহ দেন। একই সঙ্গে শিক্ষকদের পাঠদানকে আরও প্রাণবন্ত ও কার্যকর করার নির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ জেলা প্রশাসকের কাছে বিদ্যালয়ের পাঠদানের অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সবকিছু পর্যালোচনা শেষে ডিসি অন্নপূর্ণা দেবনাথ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন এবং উল্লেখিত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনে বিদ্যালয়সহ পুরো উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *