Tuesday, July 14

বাংলাদেশে ফিরে টাইগার শিবিরে যোগ দিলেন স্পিন বোলিং কোচ মুশতাক

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশে ফিরে টাইগার শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। এর আগে তিনি ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না। তবে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন বোলিং কোচ।

মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। তার আগে শুক্রবার রাতে ঢাকায় আসেন মুশতাক। আজ শনিবার (১৯ অক্টোবর) যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলনে।

মিরপুর শের-ই বাংলার মাঠে বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের নতুন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও প্রাথমিক আলাপ ও আড্ডারত দেখা যায় মুশতাককে। তবে নতুন করে এই স্পিন কোচের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

এ বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান মুশতাক আহমেদ। এরপর পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ টেস্ট সিরিজ পর্যন্ত তিনি টাইগার স্পিনারদের কোচিং করিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই স্পিনাররা ভালো পারফরম্যান্স করেছেন। এর ফলে বাংলাদেশে বেশ গ্রহণযোগ্যতা তৈরি হয় এই কিংবদন্তি স্পিনারের।

জানা গেছে, পাকিস্তান সিরিজে মুশতাক কাজ করেছিলেন দিনভিত্তিক চুক্তিতে। পরে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভারত সফরে তাকে দেখা যায়নি। তবে বিসিবির সঙ্গে তখনই কথা ছিল অন্য কমিটমেন্টের ফাঁকে সময় পেলে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি। এমনকি বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময়ের জন্যও চুক্তির ইচ্ছা রয়েছে সাবেক এই লেগস্পিন গ্রেটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *