
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||
টেলিভিশন মিডিয়ায় সংগীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘স্বরলিপি মিউজিক্যাল অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। গত ২৫ জুন রাজধানীর সেগুনবাগিচার কচি-কাঁচার মেলা মিলনায়তনে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, ফ্রান্স-এর বাংলাদেশ শাখা আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত স্বীকৃতি প্রসাদ বড়ুয়া দীর্ঘ দিন ধরে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর নির্বাহী প্রযোজক হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি ৮,০০০-এরও বেশি বৈচিত্র্যময় অনুষ্ঠান নির্মাণ ও প্রযোজনা করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুমুখী প্রতিভার অধিকারী স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকার পাশাপাশি নিয়মিত লেখালেখিও করে যাচ্ছেন। চট্টগ্রামের রাউজান উপজেলার এই কৃতি সন্তানের এ পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইও প্রকাশিত হয়েছে।
