শুক্রবার, এপ্রিল ২৪

শিক্ষাবান্ধব পরিবেশের দাবিতে দেবেন্দ্র কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ক্যাম্পাসের অভ্যন্তরে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং বহিরাগতদের লাগামহীন শো-ডাউনের প্রতিবাদে ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি দেবেন্দ্র কলেজ শাখা।

অধ্যক্ষ প্রফেসর ড. মাহফিল খানের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনটির কলেজ শাখা সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আরিফ হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো সুস্থ ও নিরাপদ পরিবেশ, যা বর্তমানে চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরিত্যক্ত আলীমুল হক হলের সামনের অংশ, নজরুল চত্বরের পুকুর পাড় এবং মহিলা হোস্টেলের উত্তর পাশের খালি জায়গায় মাদক সেবনের মহড়া চলছে। এছাড়া কাঠবাগানের নির্জন স্থান ও পুকুর পাড়ে অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তারা চিহ্নিত করেন।

বক্তব্য অনুযায়ী, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও উচ্চশব্দে মোটরসাইকেল শো-ডাউন সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। রনদা প্রসাদ চত্বরে বহিরাগতদের অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ইভটিজিং ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। প্রধান ফটকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও আইডি কার্ড যাচাইয়ের কড়াকড়ি না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা জানান।

ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারে সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি জরুরি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— চিহ্নিত স্থানগুলোতে নিরাপত্তা রক্ষীদের টহল বাড়ানো, পরিচয়পত্র ছাড়া বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা, মোটরসাইকেল শো-ডাউন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ক্যাম্পাসের পবিত্রতা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে ছাত্রশিবির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *