শনিবার, জুলাই ৪

মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধ ||

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলে তার ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। শুক্রবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে অত্র উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উত্তম দেবনাথ (৬০)। তিনি পেশায় একজন দিনমজুর। এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত মাদকাসক্ত ছেলে তাপস দেবনাথকে (২৫) তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উত্তম দেবনাথের ছেলে তাপস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে তিনি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস ঘরের ভেতর এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাতে যান।

ভোর  ৪টার দিকে বিকারগ্রস্ত ছেলে তাপস হঠাৎ ঘুম থেকে উঠে ঘরে থাকা মসলা বাটার শিল-পাটা দিয়ে তার বাবার কপালের ডান পাশে হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করেন। এ সময় উত্তম দেবনাথের আর্তচিৎকার শুনে তার স্ত্রী কানন দেবনাথ দ্রুত ছুটে আসেন। ঘরের ভেতর স্বামীর রক্তাক্ত ও বীভৎস অবস্থা দেখে তিনি চিৎকার করতে করতে প্রতিবেশী বাবুল দেবনাথের ঘরে যান।

তার চিৎকার ও কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে এবং মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘটনাস্থল থেকেই ঘাতক ছেলে তাপস দেবনাথকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *