
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলায় হাম রোগের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে অনেকে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ৫১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম জানান, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এ রোগ প্রতিরোধ সম্ভব নয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
