রবিবার, মে ২৪

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে মানিকগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সাধারণ গ্রাহকরা। আজ রবিবার (২৪ মে) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ‘ইসলামী ব্যাংক মানিকগঞ্জের গ্রাহকবৃন্দের’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার জোরালো দাবি জানান।

মানববন্ধনে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিন, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ জাহিদুর রহমান ও মোহাম্মদ বাবুল মিয়া। বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ ও বৃহৎ ইসলামী ধারার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি বিশেষ মহল ব্যাংকটিকে অস্থিতিশীল করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের ব্যাংকিং খাতের এই স্তম্ভটিকে রক্ষা করতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সাধারণ গ্রাহকরা আজ ঐক্যবদ্ধ হয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা জানান, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ব্যাংককে ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে গ্রাহকরা সবসময় সচেতন রয়েছেন বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের দীর্ঘদিনের সুনাম, স্থিতিশীলতা ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *