মঙ্গলবার, জুন ৩০

ময়লার বিরুদ্ধে মানুষ: তাড়াইল উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইলে ডেঙ্গু, ডায়রিয়াসহ পানিবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। “ময়লার বিরুদ্ধে মানুষ” স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারের প্রধান ড্রেন ও রাস্তার চারপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের এই মহতী উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অভিযানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের নারী-পুরুষ ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ লেখা সংবলিত ব্যানার হাতে সচেতনতামূলক অবস্থানে অংশ নেন। এরপরই শুরু হয় মূল কর্মযজ্ঞ।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে বাজারের পাশের নালাগুলো পলিথিন, চিপসের প্যাকেট ও যত্রতত্র ফেলা গৃহস্থালির বর্জ্যে ভরাট হয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় শ্রমিক ও স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে সরকারি কর্মকর্তারাও এক কাতারে শামিল হন। অনেককেই নিজের হাতে কোদাল ধরে নালার জমে থাকা কাদা ও ময়লা-আবর্জনা তুলে বস্তাবন্দী করতে দেখা যায়।

ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, অতীতে সরকারি কর্মকর্তাদের এভাবে মাঠে নেমে কাজ করতে তারা কখনো দেখেননি। প্রশাসনের কর্মকর্তাদের এই পরিশ্রম দেখে সাধারণ মানুষের মাঝেও সচেতনতা বাড়ছে। তারা প্রতিশ্রুতি দেন যে, এখন থেকে বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে তারাও যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল একদিনের কর্মসূচি হিসেবে নয়, বরং তাড়াইলকে একটি পরিচ্ছন্ন ও রোগমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে এই লক্ষ্য অর্জনে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতা সবচেয়ে জরুরি। কারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার দায়িত্ব শুধু একক কোনো সংস্থার নয়, বরং তা সমাজের প্রতিটি মানুষের নাগরিক দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *