মঙ্গলবার, জুন ২

ভূরুঙ্গামারী-রংপুর মেইল সার্ভিস চালু রাখতে সমঝোতা সভা, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী মেইল সার্ভিস চালু রাখার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক পরামর্শ ও সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, বাস সার্ভিস চালুর দাবিতে আন্দোলনকারীদের পক্ষে ডাকসুর পরিবহনবিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, ছাত্রনেতা রোকনুজ্জামান, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সম্পাদক কফিল উদ্দিন, উত্তর ধরলা মোটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা, সড়ক সম্পাদক আলম হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

সভায় আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে আসিফ আবদুল্লাহ বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে ভূরুঙ্গামারী-রংপুর বিরতিহীন বাস সার্ভিস চালু থাকলেও বিভিন্ন অজুহাতে ১ জুন থেকে তা বন্ধ করার চেষ্টা চলছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ, রংপুরে অধ্যয়নরত শিক্ষার্থী এবং চিকিৎসাসেবাপ্রত্যাশী রোগীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে। জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত বাস সার্ভিস পুনরায় চালুর দাবি জানান তিনি।

এ সময় কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতি ও উত্তর ধরলা মোটর মালিক সমিতির নেতারা জানান, বাস সার্ভিস চালু রাখার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। রংপুর মোটর মালিক সমিতির লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়েই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “আমাদের সবার লক্ষ্য জনগণকে সেবা দেওয়া। কোনো সিদ্ধান্ত বা আচরণের কারণে যাতে জনসেবা ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।”

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী শনিবারের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতির প্রতিনিধিরা একত্রে বসে বাস সার্ভিস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ বিষয়ে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে ভূরুঙ্গামারী-রংপুর মেইল সার্ভিস চালু ছিল। তবে গত দুই দিন আগে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে গেলে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি সোমবার কিছু সময়ের জন্য যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়। এতে দূরপাল্লার যাত্রীদের গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

জনদুর্ভোগ নিরসনে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সমঝোতা বৈঠকের পর বাস চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *