
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) এই চাল বিতরণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে ১০ (দশ) কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।
পরিদর্শনকালে ইউএনও জনাব আফরিন জাহান চালের গুণগত মান ও বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং প্রকৃত কার্ডধারীরা যেন সুশৃঙ্খলভাবে এই সহায়তা পান তা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব মোঃ আবু হেলাল, ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদ ও তথ্যসেবা কেন্দ্রগুলোতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে উপকারভোগীদের এই চাল সংগ্রহ করতে দেখা যায়।
