বুধবার, এপ্রিল ২২

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা নিরসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশ টহল জোরদার করা, অপরাধ দমনে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে চুরি, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় স্বাস্থ্যখাতের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *