সোমবার, মে ৪

বেলকুচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও আফরিন জাহান

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। আজ সোমবার (০৪ মে) উপজেলার রাজাপুর ইউনিয়নে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান। একই সাথে তিনি স্থানীয় জনগণের মধ্যে বিচারিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান রাজাপুর ইউনিয়নে সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে সম্পন্ন হওয়া এবং বর্তমানে চলমান থাকা উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান ও অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার তাগিদ দেন। এরপর তিনি ইউনিয়নের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের পাঠদানের খোঁজখবর নেন, শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেন এবং নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্বারোপ করেন।

একই দিন রাজাপুর ইউনিয়নে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ও সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও আফরিন জাহান। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে দ্রুত নিষ্পত্তি করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আদালতের কার্যক্রম সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতেই এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এসব কার্যক্রম চলাকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব মোঃ আবু হেলাল, রাজাপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে ইউএনও রাজাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *