বুধবার, জুন ৩

​বিডি ক্লিনের ১০ বছর পূর্তি: বেলকুচিতে ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সমাজ থেকে সব ধরনের অন্যায়, বৈষম্য, প্রতিহিংসা ও কুসংস্কার দূর করে একটি মানবিক, পরিচ্ছন্ন ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে অভিনব এক সচেতনতামূলক ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ জুন) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন বেলকুচি’-এর উদ্যোগে উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকার জনবহুল সড়কে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন সংগঠনের একদল তরুণ ও যুব সদস্য। সংগঠনটির ১০ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী ও স্থানীয় সচেতন নাগরিকরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ইতিবাচক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন।

অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের একাধিক মূলনীতি ও শক্তিশালী সামাজিক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল—‘হিংসামুক্ত বাংলাদেশ চাইতে এসেছি’, ‘দায়িত্বশীল বাংলাদেশ চাইতে এসেছি’, ‘মানবিক বাংলাদেশ চাইতে এসেছি’, ‘ভালোবাসায় সমৃদ্ধ বাংলাদেশ চাইতে এসেছি’ এবং ‘প্রতিহিংসা বর্জিত বাংলাদেশ চাইতে এসেছি’।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিডি ক্লিন বেলকুচির উপদেষ্টা ও বিশিষ্ট নাট্যশিল্পী মোঃ নাজমুল হাসান। তিনি বলেন, আমরা যেমন মাকে ভালোবাসি, আমরা আমাদের দেশটাকেও তেমনিভাবে ভালবাসি। সুন্দর পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুন্দর থাকুক এই আমাদের প্রত্যাশা। পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের কাম্য।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক উম্মে সালমা মুন্নি, বেলকুচি উপজেলা সমন্বয়ক মমতাজুর রহমান মুন্নাসহ সংগঠনটির উপজেলার সদস্যবৃন্দ।

আয়োজকেরা জানান, কেবল বাহ্যিক পরিবেশ পরিচ্ছন্ন রাখাই নয়, বরং মানুষের মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজ থেকে পারস্পরিক কাদা-ছোড়াছুড়ি ও হিংসা দূর করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

পারস্পরিক সৌহার্দ্য, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের এই বার্তা ছড়িয়ে দিতে তরুণ প্রজন্মের এমন শান্তিপূর্ণ ও ভিন্নধর্মী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষ এবং পথচারীদের মাঝে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া জাগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *