
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বেলকুচি উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার পর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে স্থানীয়ভাবে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খানের। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন অনবদ্য ভূমিসেবা গ্রহণ করতে পারছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, ই-নামজারি, খাজনা প্রদান ও অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা অত্যন্ত সহজ ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি স্বচ্ছ, আধুনিক এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
আয়োজকরা জানান, বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত নানাবিধ তথ্যসেবা, অনলাইন আবেদন সহায়তা, খতিয়ান ও ই-নামজারি বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্যও সহজে ভূমিসেবা গ্রহণের বিশেষ ডিজিটাল সুবিধা রাখা হয়েছে।
তিন দিনব্যাপী চলমান এই মেলায় সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ গ্রহণের জন্য উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
