মঙ্গলবার, জুন ২

বদলগাছীতে ৪ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে পরকীয়া প্রেমিক ইউসুফ আলীর(৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিকা পারভীন(৩৮)।

জানা গেছে, গৃহবধূ আকলিকা পারভীনের স্বামী দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতিতে। এখন এই গৃহবধু এক মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন আকলিকা পারভীন।

দুই সন্তানের জননী ভুক্তভোগী এই নারী জানান, রবিবার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ে দাবীতে প্রবেশ করার চেষ্টা করেন। বিষয়টি ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয় বাক-বিতণ্ডা। এক পর্যায়ে এই ভুক্তভোগী নারীকে পরিবারের লোকজন মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।

আকলিকা পারভীন আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে ইউসুফের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি।

এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *