
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছী উপজেলায় খারিতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আধাইপুর ইউনিউনের কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২)।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার খারিতে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেন নুর ইসলাম।
ঝাঁপ দেওয়ার কিছু পর তাকে পানিতে না দেখতে পেয়ে তার স্ত্রী সুমাইয়াও পানিতে ঝাপ দেন। এরপর দুজনেই পানির নিচে তলিয়ে যায়।
কিছু পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আপাতত লাশ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
