
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। আজ সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এবারের সভায় নতুন অর্থবছরের এই এডিপি চূড়ান্ত করার পাশাপাশি এর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হতে পারে। এছাড়া দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি একটি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন এবং তা অনুমোদনের বিষয়টিও সভার এজেন্ডায় রয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী সভায় দেশের নীতি-নির্ধারক ও মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন। সভায় উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
