Monday, August 24

পানছড়িতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত সহায়তার অংশ হিসেবে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় লোগাং জোন ও ৩ বিজিবির জোন প্রধান লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

এ দিন উপজেলার মধ্য নগর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় ঢেউ টিন, ওমর পুর তালিমুল নূরানী কোরআন মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক ফ্যান ও ব্যাটারি, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় আইপিএস ও ব্যাটারি এবং ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া এক অসহায় নারীকে তাঁর বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে বিজিবি।

সহায়তা প্রদানকালে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জাতি গঠনের মূল ভিত্তি। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এবং ধর্মীয় শিক্ষার পরিবেশ উন্নত করতে বিজিবি সবসময় পাশে থাকবে। পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে শিক্ষা ও মানবিক এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপকারভোগী প্রতিষ্ঠান প্রধানেরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মধ্য নগর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি মহিউদ্দিন জানান, প্রাপ্ত টিন ও গাছের চারা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক হোসেন জানান, খেলার সরঞ্জাম পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশেও উৎসাহিত হবে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *