
|| রোকনুজ্জামান রাজু | জামালপুর প্রতিনিধি ||
জামালপুরের ইসলামপুরে একটি লাগেজ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর-ডেফলা সড়কের চতলাপাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চতলাপাড়া এলাকার একটি পুকুরে পরিত্যক্ত একটি লাগেজ ভাসতে দেখেন আলমাছ নামে এক স্থানীয় বাসিন্দা। লাগেজটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি উদ্ধার করে। লাগেজটি খোলার পর ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাগেজের ভেতর থাকা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
