
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মডেল মসজিদের ইমাম মাওলানা মামুনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ রায় এবং সার্বিক সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরজাহান সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব, তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের বন্দিদশা থেকে মুক্তি এবং এর পেছনের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়েই মেজর জেনারেল জিয়াউর রহমান জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন। তাঁর হাত ধরেই একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হয় এবং মুক্তবাজার অর্থনীতির দিকে দেশের অর্থনৈতিক নীতি মোড় নেয়। এছাড়া দেশের কৃষি বিপ্লব, খাল খনন, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, চক্রান্তকারীদের চক্রান্ত নস্যাৎ করে সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে মুক্ত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একদলীয় শাসনব্যবস্থা দূর করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সাহেব আলী, সদস্য আ. জলিল, সাংবাদিক ও সদস্য বদরুদ্দোজা বুলু, সদস্য বাবুল মন্ডল, থানা হাট ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপি সদস্য অসীম, আকরাম, তাজুল, সাইফুর রহমান বাবলু, আপেল, মমিনুল, ফিরোজ, মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়না, সাধারণ সম্পাদক জিয়ারা বেগম রোজী, মৎস্য দলের সভাপতি আমজাদ, কৃষক দলের ইউনিয়ন সভাপতি সাইফুল,থানাহাট ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল, যুবদলের সাবেক সভাপতি আমজাদ সাংবাদিক ও কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ওবায়দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
