রবিবার, মে ১০

খুলনা প্রেসক্লাবে শুরু হলো ‘স্মৃতিকথা’ আয়োজন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা, পেশাগত জীবনের নানা স্মৃতি ও সাংবাদিকতার পরিবর্তিত ধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছে খুলনা প্রেসক্লাব। ‘স্মৃতিকথা’ নামে এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শনিবার (৯ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এখন থেকে প্রতি শনিবার সন্ধ্যায় নিয়মিতভাবে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রবীণ সাংবাদিকরা তাদের দীর্ঘ পেশাজীবনের অভিজ্ঞতা, বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহ এবং সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব। তিনি সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজলসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাংবাদিকরা।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অভিজ্ঞ সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা জানার সুযোগ তৈরি করবে এই আয়োজন। পাশাপাশি সাংবাদিকতার মূল্যবোধ ও পেশাগত দায়িত্ব সম্পর্কেও দিকনির্দেশনা মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *