
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের কাকজিনগর গ্রামে শত বছরের পুরোনো চলাচলের রাস্তায় স্থায়ী গেট নির্মাণ করে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাস্তাটি ব্যবহারকারী অন্তত ১৮টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা জানান, কাকজিনগর গ্রামের ওই পথটি প্রায় ১০০ বছর ধরে স্থানীয় কয়েক প্রজন্মের মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় রেষারেষির জেরে মোক্তার হোসেন নামের এক ব্যক্তি রাস্তাটির প্রবেশমুখে স্থায়ী গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে শিশু, নারী, বয়স্ক ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি কোনো বাসিন্দা মারা গেলে মরদেহ নিয়ে বের হতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, এর আগে বিষয়টি নিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার দুই পক্ষকে নিয়ে সমঝোতার উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি উন্মুক্ত রাখার অনুরোধ জানান। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শনের পরপরই গেটে নতুন করে তালা ঝুলিয়ে দিয়ে পথটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
রাস্তা বন্ধের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোক্তার হোসেন জানান, তাঁদের ব্যক্তিগত মালিকানাধীন জায়গার ওপর দিয়ে কোনোভাবেই চলাচলের জন্য রাস্তা দেওয়া হবে না।
দীর্ঘদিনের একমাত্র চলাচলের পথটি স্থায়ীভাবে উন্মুক্ত করে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসনের কার্যকর ও স্থায়ী হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
