বুধবার, এপ্রিল ১৫

ইরান যুদ্ধ শেষের দ্বারপ্রান্তে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরান-সংঘাত খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই যুদ্ধ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি সমাপ্ত হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।

যুদ্ধের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া না হলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত, যা বিশ্ব পরিস্থিতির জন্য ভয়াবহ হতো। যদিও জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প আরও জানান, চলমান হামলায় ইরানের অবকাঠামোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুনর্গঠন করতে অন্তত দুই দশক সময় লেগে যেতে পারে। তবে এত ধ্বংসযজ্ঞের মাঝেও কূটনৈতিক সমাধানের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতি ইরানকে একটি বড় ধরনের সমঝোতায় আসতে আগ্রহী করে তুলতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আগামী সপ্তাহ নাগাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হতে পারে, তবে বৈঠকের স্থান সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

এদিকে, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় সমুদ্রপথে ইরানের যাবতীয় অর্থনৈতিক বাণিজ্য ও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *