বৃহস্পতিবার, জুলাই ২

ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রীকে একই বিভাগের প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরে গণমাধ্যমে উঠে এসেছে নানান অভিযোগ। এসব অভিযোগ দৃষ্টিগোচর হলে সিন্ডিকেট সভায় উক্ত নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগ স্থগিত হওয়া প্রার্থী ফিরোজা নাজনিন একই বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২য় ও ৩য় বর্ষে অধ্যায়নকালীন তার বর্তমান স্বামী পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন বলে জানা যায়। এ তথ্য নিতে বিভাগে গেলে তথ্য দিতে গড়িমসি করে বিভাগের সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল-মাহমুদ।

‎এসময় তথ্য নিতে সাংবাদিকদের লিখিত দিতে বলেন এবং সময়ক্ষেপন করেন। বুধবার বেলা আনুমানিক ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি তথ্য না দিয়ে সাংবাদিকদের সঙ্গে নানা আলোচনা করেন। পরে সময়ক্ষেপন দেখে সাংবাদিকরা এক দেড় ঘন্টা পরে এসে তথ্য নিয়ে যাবেন বলে তাকে জানান। এসময় তিনি সম্মতি জ্ঞাপন করেন। পরে সাংবাদিকরা পুনরায় তথ্য নিতে গেলে সাংবাদিকদের বাজে ভাষায় কটাক্ষ করেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আলমগীর হোসেন। ফলে সাংবাদিকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এসময় তথ্যের মূল কপি গোপন করে প্রায় ৪ঘন্টা পর সাংবাদিকদের A4 সাইজের পেপারে তথ্যগুলো লিখে দেওয়া হয়। পরে এ কাগজের কোন ভ্যালিডিটি আছে কিনা জানতে চাইলে বিভাগের সভাপতি ড. তারেক কোন সদুত্তর দিতে পারেনি। এ প্রতিবদেন লেখা অবধি তিনি তথ্যের মূল কপি দেননি।

‎জানা যায়, নিয়োগ পাওয়া প্রার্থী প্রথম বর্ষের একটি কোর্সে অকৃতকার্য হয়েছিলেন এবং ১ম, ২য় ও ৩য় বর্ষে মানোন্নয়ন দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া অভিযোগ রয়েছে মাস্টার্সে ওই প্রার্থী নন-থিসিসধারী ছিলেন।

‎এদিকে নিয়োগকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, যে নিয়োগটির বিষয়ে অভিযোগ উঠেছে সেটি আমি একান্তভাবে যাচাই-বাছাই করে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *