
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটে দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ১৬ ও ১৭ মে ২০২৬ খ্রি. তারিখ জুড়ে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।
গণসংযোগকালীন সময়ে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিশিষ্ট দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ড. শফী আহমেদের কার্যালয়ে গিয়ে তাঁদের সাথে এক আন্তরিক সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে আমন্ত্রিত অতিথিদের সামনে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও বিপ্লবী সংগঠন ইসলামী ঐক্য আন্দোলনের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং সংগঠনের মূল দর্শন বিস্তারিতভাবে তুলে ধরেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন এবং সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান।
আলোচনাকালে উপস্থিত সুধী ও শিক্ষাবিদগণ দেশে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণ এবং ইসলামী বিপ্লবের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অভিপ্রায় ও একাত্মতা ব্যক্ত করেন। একই সাথে তাঁরা মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর লেখা গবেষণাধর্মী ও তথ্যবহুল বইসমূহ পড়ার গুরুত্ব বিশেষভাবে অনুভব করেন এবং নতুন প্রজন্মের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দুই দিনব্যাপী এই গণসংযোগ ও সুধী সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
