Thursday, July 16

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ খুলনা, নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসক মঞ্জুর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, এ ধরনের হামলা শুধু সাংবাদিকদের নয়, পুরো নগরবাসীর নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশের জন্য হুমকি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু বলেন, সন্ত্রাসীরা সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে চায়। তবে খুলনার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন ও বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িতদেরও বিচারের মুখোমুখি করতে হবে। রাজনৈতিক আশ্রয়ে কোনো সন্ত্রাসী যেন প্রশ্রয় না পায়, সে বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

মঞ্জু আরও বলেন, খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

এর আগে সকালে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, খুলনা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি, নাগরিক ফোরাম খুলনাসহ বিভিন্ন সংগঠন অংশ নিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাতে নগরীর শান্তিধাম এলাকায় জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে অবস্থানরত কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হলে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *