
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী শিশু সন্তানসহ তার মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় একটি অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও তাঁর ছেলে নিহত হয়। আহত হন আরও কয়েকজন যাত্রী। নিহত মা হলেন কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) ও তাঁর শিশু ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়া থেকে ছেড়ে আসা ঘাতক বাসটিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
