Tuesday, October 13

শ্রেষ্ঠ ওসি পুরস্কার পেয়ে হ্যাটট্রিক হাফিজুরের, ইবি অ্যালামনাইয়ের অভিনন্দন

|| নিজস্ব প্রতিবেদক ||

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রাক্তন শিক্ষার্থী হাফিজুর রহমান (পিপিএম)। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা)। হাফিজুর রহমান বর্তমানে ডিএমপির মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

টানা তিনবার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি লাভ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পক্ষ থেকে এক যৌথ অভিনন্দন বার্তায় হাফিজুর রহমানের পেশাগত জীবনের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর এই অর্জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *