
|| চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়োজিদ-বিন-আখন্দ পদাধিকারবলে সভাপতি এবং ক্রীড়া সংগঠক এস. এম. চিশতিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
গত ৭ জুলাই ইউএনও মো. বায়োজিদ-বিন-আখন্দ স্বাক্ষরিত আদেশে এ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও তরুণ সংগঠক শহীদুল ইসলাম শহীদকে কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকায় তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে ক্রীড়াঙ্গনের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে শহীদুল ইসলাম শহীদ বলেন, “লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”
নবগঠিত কমিটির মাধ্যমে উপজেলার ক্রীড়া কার্যক্রমে নতুন গতি আসবে বলে ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন।
