
|| আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসবে বন্দুকহামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দুই বছরের এক শিশুসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে বিখ্যাত স্পেস নিডলের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। বার্ষিক এই খাদ্য উৎসবকে কেন্দ্র করে ওই সময় এলাকাটিতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছিল।
সিয়াটল পুলিশ জানায়, দুই সন্দেহভাজনের মধ্যে পারস্পরিক গোলাগুলির একপর্যায়ে এই হতাহতের ঘটনা ঘটে। জড়িতদের মধ্যে একজনকে ইতোমধ্যে পুলিশ আটক করতে পারলেও অন্যজন এখনো পলাতক রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য আপাতত নতুন কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
গোলাগুলির পরপরই ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।
হঠাৎ গোলাগুলি শুরু হলে উৎসবে আসা মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে সিয়াটলের বিখ্যাত স্পেস নিডল ও সিয়াটল চিলড্রেনস মিউজিয়ামসহ আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন।
সমগ্র ঘটনা তদন্ত করছে সিয়াটল পুলিশ বিভাগ। একই সাথে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার্থে উক্ত এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
