
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমীন সিদ্দিকী ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম খান।
এ উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় নেওয়াশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, ত্যাগ ও তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা রাষ্ট্র পরিচালনায় নতুন দিগন্তের সূচনা করবে বলে তাঁরা আশাবাদী। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়ে তিনি দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অন্যদিকে, রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা, বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় বিএনপি আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে।
অভিনন্দন বার্তায় তাঁরা দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূলের নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবেন।
নেওয়াশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমীন সিদ্দিকী এবং সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম খান।
