
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মিরপুরে ইসলামী ঐক্য আন্দোলন মিরপুর থানা শাখার উদ্যোগে এক দারসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) বাদ মাগরিব স্থানীয় শাখা কার্যালয়ে এই পুণ্যময় মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দারসুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান আসলামী। তিনি পবিত্র কুরআনের সূরা আল-মুমিনুনের প্রথম দিককার আয়াতগুলোর চমৎকার ব্যাখ্যা তুলে ধরে মুমিনদের সফলতার সাতটি অনন্য গুণ বিস্তারিতভাবে বর্ণনা করেন।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, “প্রকৃত সফলতার চাবিকাঠি নিহিত রয়েছে আল্লাহর নির্দেশিত পথ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর মাঝে। সূরা মুমিনুনে বর্ণিত সাতটি গুণাবলি— তথা নামাজে খুশু-খুযু বা একাগ্রতা বজায় রাখা, অনর্থক ও পঙ্কিল কথাবার্তা-কাজ থেকে দূরে থাকা, নিয়মিত জাকাত প্রদান ও আত্মশুদ্ধি অর্জন করা, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করা বা পবিত্রতা রক্ষা করা, আমানতদারিতা বজায় রাখা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং সর্বদা নামাজের প্রতি যত্নবান হওয়া— এই বৈশিষ্ট্যগুলো অর্জনের মাধ্যমেই একজন মানুষ ইহকাল ও পরকালে চূড়ান্ত সাফল্য লাভ করতে পারে। বর্তমান কলুষিত সমাজে নৈতিক বিপর্যয় থেকে বাঁচতে এই সাতটি গুণের চর্চা করা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য।”
ইসলামী ঐক্য আন্দোলন মিরপুর থানা শাখার আমীর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা।
মাহফিলে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
