Thursday, November 12

মানিকগঞ্জে সেলিম মোল্লার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিলেন দেড় শতাধিক গ্রামবাসী

|| নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সামাজিক ভ্রাতৃত্ববোধের অনন্য নজির স্থাপন করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামবাসী। বুধবার (১১ নভেম্বর) সকালে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গিলন্ড গ্রামের কৃতি সন্তান মো. সেলিম মোল্লা, রফিক মোল্লা এবং ইদ্রিস মিয়ার নেতৃত্বে প্রায় ১৫০ থেকে ১৬০ জন গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বরংগাখোলা গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে আন্নাফ মুহুরীর ক্ষেতের ধান কেটে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৮টার দিকে গিলন্ড বাজার থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে মাইক বাজিয়ে আনন্দঘন পরিবেশে ধান কাটার উদ্দেশ্যে রওনা হন। দলবেঁধে উৎসবমুখর পরিবেশে এভাবে ধান কাটতে যাওয়ার দৃশ্য দেখে অত্র ইউনিয়নের সাধারণ মানুষ তাঁদের প্রশংসায় ভাসান।

এলাকাবাসী জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার এ ধরনের সম্মিলিত ঐতিহ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তবে গিলন্ড গ্রামবাসী প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে আজও সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা সম্ভব।

নিজের জমির ধান কাটার এমন অভাবনীয় আয়োজনে আবেগাপ্লুত হয়ে জমির মালিক মো. আনোয়ার হোসেন ওরফে আন্নাফ মুহুরী বলেন, “এত মানুষ একসঙ্গে এসে আনন্দের সঙ্গে আমার জমির ধান কেটে দেবেন, তা কখনো ভাবিনি। গিলন্ড গ্রামের মানুষের এই ঐক্য এবং চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম মোল্লার ব্যবহার ও ভালোবাসায় আমরা পাশের গ্রামের মানুষও মুগ্ধ। প্রতি বছর যেন এই সুন্দর ঐতিহ্যটি ধরে রাখা হয়, সে জন্য আমি সেলিম মোল্লা, রফিক মোল্লা ও ইদ্রিস ভাইদের প্রতি বিশেষ অনুরোধ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *