
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজনে কালীগঙ্গা নদীর বেউথা ঘাট এলাকায় দিনব্যাপী জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় কুড়িগ্রাম, টাঙ্গাইল, পাবনা ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চার ক্যাটাগরির ২২টি সুসজ্জিত নৌকা এবং দুটি কলাগাছের ভেলা অংশ নেয়।
বাইচে অংশগ্রহণকারী নৌকার মধ্যে ছিল খেল্লা-গয়ইটা, ঘাসি-ছিপা, ছান্দি ও পানসি নৌকা। কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর ও পাবনার সাঁথিয়া উপজেলার পাশাপাশি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার দলগুলো এতে অংশ নেয়। নদীর দুই পাড়ে সমবেত হওয়া লাখো দর্শকের আনন্দ-উল্লাস ও হাজার বছরের এই ঐতিহ্য দেখতে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নদীর তীরজুড়ে বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে খেল্লা নৌকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ‘মায়ের দোয়া’ নৌকাটি ১০০ সিসি মোটরসাইকেল এবং রানার্সআপ হয়ে টাঙ্গাইলের নাগরপুরের ‘মা-বাবার দোয়া’ নৌকা ১৬ সিএফটি ফ্রিজ পুরস্কার লাভ করে। ঘাসি নৌকা ক্যাটাগরিতে যুগ্ম চ্যাম্পিয়ন হয় মানিকগঞ্জের সিংগাইরের ‘বাইমাইল এক্সপ্রেস’ ও ‘কালাম সিকদার এক্সপ্রেস’। ছান্দি নৌকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে মানিকগঞ্জ হরিরামপুরের ‘গায়ান বাড়ি’ ইলেকট্রিক মোটরসাইকেল এবং ঘিওর উপজেলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ রানার্সআপ হিসেবে ফ্রিজ অর্জন করে। এ ছাড়া পানসি নৌকা ক্যাটাগরিতে মানিকগঞ্জ সদরের ‘জাগীর জনতা এক্সপ্রেস’ চ্যাম্পিয়ন এবং পাবনার সাঁথিয়ার ‘আজম ব্রাদার্স’ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোকেও ফ্রিজ, টিভি, রাইস কুকার ও প্রেশার কুকারসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী এবং সদস্য সচিব মাসুদ পারভেজসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এবারের বাইচের মূল আকর্ষণ ছিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের ৬ লাখ টাকা ব্যয়ে শাল কাঠ দিয়ে সদ্য নির্মিত খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। নৌকাটির পরিচালক মজিবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদ হয়ে বিভিন্ন পথ পাড়ি দিয়ে মানিকগঞ্জের কালীগঙ্গার বেউথা ঘাটে পৌঁছাতে তাদের তিন দিন সময় লেগেছে। জীবনের প্রথম বাইচেই চ্যাম্পিয়ন হতে পেরে তাদের পুরো দল অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল।
