সোমবার, মে ১৮

মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকের বিস্তার। সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় সন্ধ্যা নামলেই অলিগলি, নির্জন স্থান ও বিভিন্ন গ্রামাঞ্চলে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। পাশাপাশি অনলাইন মোবাইল জুয়ার আসরও বিস্তার লাভ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ১, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। একই চিত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দেখা যাচ্ছে।

গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আলী মিয়া মেম্বার জানান, শান্তিপুর বাজার থেকে সাতভাইয়া পাড়া হয়ে গোমতি বাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল কম থাকায় এলাকাটি মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। তিনি বলেন, “গত এক বছরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এখন নেশাজাতীয় দ্রব্য সহজলভ্য হয়ে পড়েছে।”

বেলছড়ি ও আমতলী ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবে মাদক বেচাকেনা বন্ধ হচ্ছে না। সন্ধ্যার পর বাইক, সিএনজি ও অটোরিকশায় করে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় প্রবেশ করে গোপনে লেনদেন সম্পন্ন করছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অর্থের প্রলোভন দেখিয়ে এলাকার যুবসমাজকে ব্যবহার করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছে। অনেক ক্ষেত্রে মাদকসেবীরাই পরবর্তীতে ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে।

সচেতন নাগরিকরা জানান, সন্ধ্যার পর নির্জন স্থানে সারারাত মাদক সেবনের ফলে এলাকায় মাতালদের উৎপাত বাড়ছে, যা সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাদক ব্যবসা বন্ধ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *