শনিবার, মে ২৩

পটুয়াখালীতে ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম নেতার কবর জিয়ারত ও কর্মী সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিনিধি ||

ইসলামী ঐক্য আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সাবেক আমীর মরহুম মাওলানা গোলাম সারোয়ারের (দলিল) পরিবারের খোঁজখবর গ্রহণ, কবর জিয়ারত এবং সংগঠনের কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ মে) পটুয়াখালীতে দিনব্যাপী এসব কর্মসূচি সম্পন্ন হয়।

শুক্রবার দুপুর ১২টায় ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা শাখার সাবেক আমীর মরহুম মাওলানা গোলাম সারোয়ারের বাসভবনে যান। সেখানে তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁদের সার্বিক কুশলাদি ও খোঁজখবর নেন। পরবর্তীতে জুমার নামাজ শেষে স্থানীয় গণ্যমান্য মুরুব্বী এবং ইসলামী ঐক্য আন্দোলনের নেতা-কর্মীদের সাথে নিয়ে মরহুম মাওলানা গোলাম সারোয়ারের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমেদ।

এরই ধারাবাহিকতায় বিকেল চারটায় পটুয়াখালী জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আমানাতুল্লাহর সভাপতিত্বে তাঁর পরিচালিত লেবুখালী দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমিতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এই সভায় আন্দোলনের বিভিন্ন দিক ও সাংগঠনিক করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা পেশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমেদ। তিনি নবুওয়াতি ধারার এই বিপ্লবী সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নেতা-কর্মীদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি বলেন, প্রচলিত রাজনীতির পথে হেঁটে কিংবা বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। একমাত্র পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের মাধ্যমেই সমাজে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা যাবে। এ সময় তিনি কর্মীদের সমাজ সংস্কারে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আমানাতুল্লাহ। দীর্ঘ আলোচনা ও সার্বিক সাংগঠনিক পর্যালোচনার পর উপস্থিত নেতা-কর্মীদের সর্বসম্মতিক্রমে ওই এলাকায় নিয়মিত ‘মাসিক দারসুল কুরআন মাহফিল’ আয়োজনের একটি বিশেষ কর্মসূচি ও সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের কল্যাণ ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *