
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে বাবার বাড়িতে বসবাস করা পারুল বেগম (৬২) নামে এক নিঃসন্তান নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পাইকেরছড়া এলাকায় বাবার বাড়িতে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।
পারুল বেগম ওই এলাকার মমিনুল ইসলামের স্ত্রী। ১৯৭৭ সালে তাঁদের বিয়ে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের সময় পারুল বেগমের শ্বশুর পুত্রবধূর নামে এক বিঘা জমি রেজিস্ট্রি করে দেন। অন্যদিকে, পারুল বেগমের বাবাও মেয়েকে আরও দেড় বিঘা জমি দিয়েছিলেন।
বিয়ের কয়েক বছর পর স্বামীর বাড়িতে দুর্ঘটনাবশত তাঁর পরনের কাপড়ে আগুন লেগে শরীরের কিছু অংশ দগ্ধ হয়। এরপর স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে তিনি বাবার বাড়িতে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। স্থানীয়দের দাবি, এরপর থেকে দীর্ঘ ২০-২৫ বছর ধরে স্বামী তাঁর কোনো খোঁজখবর নেননি কিংবা ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় বহন করেননি।
এ সময় বাবার দেওয়া দেড় বিঘা এবং শ্বশুরের দেওয়া এক বিঘা জমি তাঁর ভাইয়েরা চাষাবাদ করে আসছিলেন। ভাইদের সহযোগিতায় বাবার বাড়িতেই তাঁর জীবনযাপন চলছিল। পারুল বেগম হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও তিনি রংপুরে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়েছিলেন।
এদিকে, পারুল বেগমের মৃত্যুর পর জমির মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। স্বামী মমিনুল ইসলামের দাবি, তিনি এখনো পারুল বেগমের বৈধ স্বামী। তাঁর নামে রেজিস্ট্রি করা জমির মালিকানা এবং ভাইদের দিয়ে জমি চাষাবাদের বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
অন্যদিকে, স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরও মমিনুল ইসলাম শ্বশুরবাড়িতে যাননি। বরং তিনি স্ত্রীকে তাঁর ভাইয়েরা হত্যা করেছেন বলে মৌখিক অভিযোগ করেন বলে জানা যায়। দীর্ঘদিন স্ত্রীর খোঁজখবর না রাখার কারণে স্থানীয়দের মধ্যে তাঁর প্রতি ক্ষোভ থাকায় তিনি শ্বশুরবাড়িতে যেতে ভয় পাচ্ছিলেন বলে জানা গেছে।
মমিনুল ইসলামের মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকেও মমিনুল ইসলামকে ঘটনাস্থলে নিয়ে আসার চেষ্টা করা হলেও তিনি সেখানে যেতে রাজি হননি।
পরবর্তীতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের উদ্যোগে বিষয়টি নিয়ে আলোচনা ও বোঝাপড়া হয়। একপর্যায়ে মমিনুল ইসলাম ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন থানায় উপস্থিত হয়ে পারুল বেগমের মৃত্যু স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেন। পাশাপাশি এ ঘটনায় তাঁদের কারও কোনো অভিযোগ নেই মর্মে থানায় লিখিত বক্তব্য দেন। তাঁদের লিখিত বক্তব্যের পর থানা থেকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। পরে সবার সহযোগিতায় পারুল বেগমের দাফন কার্য সম্পন্ন হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. সাঈদ বলেন, “পারুল বেগমের মৃত্যুর খবর পেয়ে স্বামী মমিনুল ইসলামের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর স্বজনদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ও সন্দেহের সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সহযোগিতায় উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়। মমিনুল ইসলাম ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন থানায় এসে মৃত্যুর বিষয়টি স্বাভাবিক বলে নিশ্চিত করেন এবং কারও কোনো অভিযোগ নেই মর্মে লিখিত দেন। এরপর দাফনের অনুমতি দেওয়া হয়। কোনো অভিযোগ বা সন্দেহের সৃষ্টি হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে অবহিত করা উচিত।”
নিঃসন্তান পারুল বেগমের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের বিচ্ছিন্ন দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। ঘটনাটিকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দাফন সম্পন্ন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
