
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে সদ্য নিয়োগপ্রাপ্তসহ সরকার অনুমোদিত সব সার ডিলারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুল ইসলাম।
মতবিনিময় সভায় উপজেলার সার ব্যবস্থাপনা, সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিতকরণ এবং সারের কৃত্রিম সংকট ও মজুতদারি রোধে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় নবাগত ও পুরাতন ডিলারদের সরকারি নীতিমালা মেনে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার সরকার অনুমোদিত সার ডিলাররা উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ে সার বিতরণের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
