
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের (বিশেষ) আওতায় বিভিন্ন ইউনিয়ন ও প্রতিষ্ঠানের মাঝে ব্যাপক অনুদান সামগ্রী, বৃক্ষরোপণ এবং বিপুল অংকের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১১ জুলাই) বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।
বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাবা শাহনাজ প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলীম বলেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় তৃণমূল মানুষের দোরগোড়ায় সরকারের সব ধরনের সেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই অনুদান ও সামগ্রী বিতরণ কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং তা অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ভিত্তি মজবুত করার একটি বাস্তব প্রয়াস। সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করে এই অঞ্চলের প্রতিটি ঘরে সুশাসন ও সমৃদ্ধি পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাদের এই জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিতরণকৃত অনুদানের মধ্যে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকা এবং মাননীয় স্পিকারের পক্ষ থেকে ৬১ জনের মধ্যে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নগদ অর্থ। সমাজকল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তরের আওতায় ২০ জন অসহায়, অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে ২ লক্ষ টাকার চেক এবং নিহত ও গরীব, অসহায় ২০টি পরিবারের মাঝে নগদ ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন ইউনিয়নে ০৬টি সোলার প্যানেল স্থাপন, চর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০টি স্কুল ব্যাগ বিতরণ এবং কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের মাঝে ভ্যানসহ ০৬টি দোকানঘর সরবরাহ করা হয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এডিপি-র আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জোড়া এবং রাজস্ব উন্নয়নের আওতায় আরও ১০০ জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়।
শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে ২০টি হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি সিলিং ফ্যান এবং বিভিন্ন ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে সুপেয় পানির জন্য ১২টি নলকূপ সরবরাহ করা হয়েছে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট ৫,০০০টি বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
