
|| নিজস্ব প্রতিবেদক ||
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড্ডীন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় ইউআইইউ এরিয়াল রোবোটিক্স টিমের (ইউএআরটি) ঐতিহাসিক সাফল্য উদযাপনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৪-১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো অংশ নিয়েই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করে ইউআইইউ’র দলটি। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে আয়োজিত এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান পাওয়ার গৌরব অর্জন করল। ৮১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরে প্রতিকূল আবহাওয়ার কারণে ২১টি দল ক্র্যাশের শিকার হলেও ইউআইইউ’র দলটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতায় সফলভাবে সব মিশন সম্পন্ন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।” তিনি আরও জানান, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইউআইইউ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
ইউআইইউ এরিয়াল রোবোটিক্স টিমের মেন্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রিয়াসাত আজিম বলেন, “বিশ্বে ৪র্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার ফল। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধান ও উন্নত প্রযুক্তির ব্যবহারের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছে।” একই সাথে তিনি সার্বিক সহায়তার জন্য ইউআইইউ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইউএআরটির এই অভাবনীয় অর্জন আন্তর্জাতিক রোবোটিক্স ও প্রযুক্তি প্রতিযোগিতায় ইউআইইউ’র ধারাবাহিক সাফল্যের তালিকায় এক নতুন পালক সংযোজন করল। দূরদর্শী নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষকদের দিকনির্দেশনা ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউ’র শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
