
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঢাকা বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ইতালিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো একটি অভিনন্দন পত্র তাঁর হাতে তুলে দেন। সেই সঙ্গে মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি চলতি বছরের সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। এ কারণে ইতালি বাংলাদেশের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ এই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে তা আরও সুসংহত করতে চায়।
আলোচনায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী। বর্তমান ইতালি সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। রাষ্ট্রদূত আরও তথ্য দেন যে, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। এই নীতি কার্যকর হলে বৈধ পথে লোক যাওয়া যেমন সহজ হবে, তেমনি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়াও দ্রুততর হবে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, দ্বিপাক্ষিক শ্রমবাজার এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সফল সভার ধারাবাহিকতায় পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠানের বিষয়েও কথা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
