
|| নিজস্ব প্রতিবেদক ||
নজরুল সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় নগরীর শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে দু’দিনব্যাপী ‘নজরুলসংগীত কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ ও ২৫ জুলাই আয়োজিত এই কর্মশালাটি ২৫ জুলাই সন্ধ্যায় এক বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রি।
দুই দিনব্যাপী এই আয়োজনে বরিশাল, বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুর জেলা থেকে প্রায় দুই শতাধিক সংগীত অনুরাগী শিক্ষার্থী অংশ নেন। কর্মশালা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। তারই ধারাবাহিকতায় বরিশালে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
