
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছীতে ফুটন্ত গরম পানি পড়ে আমিনা (১১) নামে এক স্কুলছাত্রীর শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর জীবন এখন সংকটাপন্ন। অর্থাভাবে উন্নত চিকিৎসা ব্যাহত হওয়ায় এখন তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে অসহায় পরিবার।
জানা গেছে, আমিনা বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর (সোনাপাড়া) গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। গত কয়েকদিন আগে অসাবধানতাবশত রান্নাঘরে রাখা ফুটন্ত গরম পানি তার গায়ের ওপর পড়ে যায়। এতে তার পিঠ, বুক ও হাতসহ শরীরের একাংশ মারাত্মকভাবে পুড়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বেশ কিছু অংশ গভীরভাবে ক্ষতবিক্ষত হয়েছে এবং দ্রুত দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা প্রয়োজন।
আমিনার বাবা একজন সাধারণ মোবাইল মেকানিক। তিন সন্তান নিয়ে তাদের টানাটানির সংসার। মেয়ের এই আকস্মিক দুর্ঘটনায় চিকিৎসা খরচ জোগাতে গিয়ে পরিবারটি ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে বড় অঙ্কের টাকার প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
একটি কোমলমতি শিশুর প্রাণ বাঁচাতে এবং তাকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন আমিনার পরিবার। সাহায্য পাঠাতে বা যোগাযোগের জন্য ভুক্তভোগী পরিবারের বিকাশ/নগদ নম্বর: ০১৭১৬৯৬৬৯০৫।
